বদলি কোনো শাস্তি নয়

অনিয়মে জড়িত থাকলে বরখাস্ত : স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৬:৩৬ এএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বদলি কোনো শাস্তি নয়, দেশের উন্নয়নে নেওয়া প্রকল্পে নিম্নমানের কাজের সঙ্গে জড়িত থাকলে বরখাস্ত অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সব প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে পরিচালক এবং এর সঙ্গে যুক্ত সবাইকে দায়িত্ব নিয়েই শেষ করতে হবে।’ গতকাল রবিবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন বিভাগ এবং দপ্তরের ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির ওপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনায় অনলাইন সভায় কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই মানসম্পন্ন, টেকসই ও উৎপাদনশীল হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে স্তরের কর্মকর্তা-কর্মচারী নিম্নমানের কাজে জড়িত থাকবে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘প্রকল্প কাজের গুণগতমান নিশ্চিত করতে প্রকল্প পরিচালক, প্রকৌশলীরা যদি কোনো বাধা বা হুমকির সম্মুখীন হন তাহলে তাদের নিরাপত্তা দিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত