আইপিএলে প্রতি দলের প্রথম শতরান করা ক্রিকেটার যারা

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৮:৩১ পিএম

করোনাভাইরাসের প্রভাবে আইপিএলের ১৩তম আসর এখনো মাঠে গড়ায়নি। অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রয়েছে ভারতের ফ্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর। ঠিক কবে এটি মাঠে গড়াবে তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে বিসিসিআই বদ্ধপরিকর টুর্নামেন্ট আয়োজন নিয়ে। দর্শকরাও অবশ্য আইপিএল খেলতে মুখিয়ে। আপাতত তাই চোখ রাখা যাক আগের আসরগুলোতে।

আইপিএলে প্রতি দলের প্রথম শতরান করা ক্রিকেটারদের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক-

ব্রেন্ডন ম্যাককালাম

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে কেকেআরের জার্সিতে ৭৩ বলে ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন কিউই লিজেন্ড ম্যাককালাম। সেটি ছিল আইপিএল ও কলকাতা নাইট রাইডার্সের প্রথম শতরান।

মাইক হাসি

প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। রার্নাসআপ হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ওই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে যুবরাজ সিংয়ের কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল চেন্নাই। সেই ম্যাচে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি মাইক হাসি। চেন্নাইয়ের পক্ষে সেটাই ছিল প্রথম শতরান।

সনাথ জয়াসুরিয়া

মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে বেশ কয়েক বছর ধারাবাহিকভাবে খেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। আইপিএলের প্রথম সংস্করণে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১১৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন এই বাঁ-হাতি ওপেনার। সেটি ছিল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে করা কোনো ক্রিকেটারের প্রথম শতরান।

শন মার্শ

আইপিএলের প্রথম সংস্করণে কিংস ইলেভেন পাঞ্জাব সেভাবে দাগ কাটতে না পারলেও দলের বেশ কয়েকজন ক্রিকেটার ঝকঝকে পারফরম্যান্স দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শের শতরান। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৯ বলে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন মার্শ। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম শতরান ছিল সেটাই।

এবি ডি ভিলিয়ার্স

লোকসভা ভোটের জন্য ২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ডারবানে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক ম্যাচে ৫৪ বলে ১০৫ রানের ইনিংসে খেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেটাই ছিল আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (তখনকার দিল্লি ডেয়ারডেভিলস) হয়ে করা কোনো ক্রিকেটারের প্রথম শতরান।

মনীশ পান্ডে

২০০৯ সালে প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে শতরান করেছিলেন মনীশ পান্ডে। তার ৭৩ বলে ১১৪ রানের ইনিংসই ছিল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শতরান।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান আইপিএলের প্রথম বেশ কয়েকটি সংস্করণ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকান। যা এখনো পর্যন্ত আইপিএলে রেকর্ড। টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের জার্সিতে সেটাই ছিল কোনো ক্রিকেটারের প্রথম শতরান।

ডেভিড ওয়ার্নার

২০১৭ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেটাই ছিল কোনো ক্রিকেটারের প্রথম শতরান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত