কক্সবাজার সৈকতের বর্জ্যে আটকা ১৬০ কচ্ছপ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৪:৩২ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিকের বর্জ্যে আটকে পড়া প্রায় ১৬০টি আহত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বর্জ্য অপসারণের সময় সেগুলোকে উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী সংরক্ষণের এক মুখপাত্র বুধবার জানিয়েছে বলে এএফপি’র খবরে বলা হয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে সামুদ্রিক এই কচ্ছপগুলো প্লাস্টিকের বোতল, ছেঁড়া জালের সঙ্গে জড়িয়ে তীরে ভাসতে থাকে। 
বেঁচে থাকা এই কচ্ছপগুলোকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করে দেয়া হয়েছিল। কিন্তু এগুলো তীরের ১২০ কিলোমিটারের মধ্যে আবারো ফিরে আসে। এর মধ্যে প্রায় ৩০টি কচ্ছপ মারা পড়েছে।

স্থানীয় পরিবেশ বিভাগের উপ-পরিচালক মো. নাজমুল হুদা বলেন, ‘এই প্রথম আমরা সৈকতে এত বেশি মরা কচ্ছপ দেখলাম। আধমরা কচ্ছপে সৈকত ছেয়ে যাচ্ছে। এটি নজিরবিহীন ঘটনা।’

তিনি বলেন,  প্রায় ১৬০টি কচ্ছপ জীবিত উদ্ধার করা গেছে। কিন্তু তাদের সাগরে অবমুক্ত করে দেয়ার পর আবার তীরে ভেসে আসছে। সেগুলো এত দুর্বল যে সাগরের পানিতে টিকে থাকতে পারছে না বলে মনে হচ্ছে।
সমুদ্র তীরের ১০ কিলোমিটার জুড়ে ভেসে থাকা ৫০ টন বর্জ্যের মধ্যে আটকে বহু কচ্ছপ আহত হয়েছে। 
কচ্ছপগুলো উদ্ধারের সময় কোনটার পা, আবার কোনটার মাথা পা্ওয়া যায়নি বলে জানালেন স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন দরিয়ানগর গ্রিন বয়েজের আসাদুজ্জামান সায়েম। 

উল্লেখ্য, গত শনিবার রাত থেকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে হিমছড়ি পর্যন্ত ভেসে আসে বর্জ্য ও প্রাণীগুলো। বর্জ্য সরানোর পাশাপাশি জীবিত প্রাণীদের জীবন বাঁচাতে স্থানীয় প্রশাসন, বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পাশাপাশি স্থানীয় বিভিন্ন যুব সংগঠন কাজ করে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত