সীমান্ত বিরোধ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা প্রশমনের চেষ্টার মধ্যেই সংঘাতপূর্ণ লাদাখ পরিদর্শনে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ও চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে লেহ পৌঁছান তিনি।
সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানায়, দু’দিনের সফরে জম্মু-কাশ্মীর ও লাদাখে ভারতীয় সেনার ফরওয়ার্ড পোস্টগুলোতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী।
চলতি মাসের শুরুর দিকেই লাদাখ সফরে যাওয়ার কথা ছিল রাজনাথ সিংয়ের। তবে সেই সফর পিছিয়ে দেওয়া হয়। তার জায়গায় ৩ জুলাই লাদাখ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, কূটনৈতিক ও সামরিক স্তরে কয়েক দফা আলোচনার পর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কীভাবে ধাপে ধাপে সেনা প্রত্যাহার হবে তা নিয়ে আগামী দিনের রোডম্যাপ তৈরি করেছে দুই দেশ। সীমান্তে শান্তি ফেরাতে সেনা প্রত্যাহার প্রক্রিয়া এবং সেনা পর্যায়ের বৈঠক চালু রাখতে রাজি হয়েছে উভয়পক্ষ।
এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার সকাল ১১টা থেকে বৈঠক শুরু হয় ভারতের চুশুল এলাকায়। যোগ দেন দুই দেশের উচ্চপদস্থ জেনারেলরা। রাত ৯টা পর্যন্ত বৈঠক চলে।
গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রাণ হারায় ২০ জন ভারতীয় সেনা। আহত হন কমপক্ষে ৭৬ জন। চীন হতাহতের কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করবে না বলে জানিয়েছে।
