ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ শুক্রবার মারা যান। ফেইসবুকে তাকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ফেইসবুকে তিনি লেখেন-
'সদ্যপ্রয়াত ড. এমাজউদ্দিন আহমেদকে নিয়ে একটি স্মৃতি
এমাজউদ্দীন আহমদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একত্রে অধ্যাপনার সুবাদে দীর্ঘদিনের আলাপ-পরিচয়। একটি ব্যক্তিগত ঘটনার উল্লেখ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব।
নব্বইয়ের দশকের প্রথমার্ধে তিনি উপাচার্য থাকার সময় একদিন বিকেলে আমায় বাসায় ফোন করে বল্লেন যে, তিনি আমার কাছে লোক পাঠাচ্ছেন আমার একটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত (CV) দেবার জন্য। কী কারণে চাচ্ছেন তা না বলায় আমি বেশি রাজি ছিলাম না, কারণ আমি আন্দাজ করছিলাম তিনি ওই কাগজ সাথে নিয়ে বিশেষ কারো সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু তিনি কিছুতেই আমার কাছ থেকে ওটা আদায় না করে ছাড়লেন না।
পরের দিন কোনও একটা উপলক্ষ্যে তাঁর সাথে দেখা হলে তিনি খুব মনক্ষুণ্নভাবে বল্লেন যে, তিনি চেয়েছিলেন আমাকে যেন গবেষণা সংস্থা বিআইডিএস-এর মহাপরিচালকের সে সময়কার শূন্য পদে নিয়োগ দেয়া হয়, এবং তিনি এর পক্ষে অনেক যুক্তি দেয়ার পরও তাঁকে নাকি বলা হলো এটা সম্ভব নয়, কারণ "তিনি তো (অর্থাৎ আমি) আমাদের সরকারের সমালোচনা করেন"।
এ নিয়ে তিনি যে খুব দুঃখিত হয়েছিলেন এবং তা যে কোনো ব্যক্তিগত কারণে নয় বরং তাঁর যুক্তি গ্রহণযোগ্য হয়নি বলে তা আমি বুঝতে পেরেছিলাম। তবে আমি তাঁকে আশ্বস্ত করে বলেছিলাম ওই পদ গ্রহণ করার আমার কোনো ইচ্ছা নেই, বরং আমাকে নিয়োগ দিতে চাইলেই আমি বিব্রত হতাম। উত্তরে তিনি বললেন বিষয়টা একটা নীতির প্রশ্ন, সে জন্যই তাঁর দুঃখ। এ ঘটনাটি তিনি বা আমি আর কাউকে বলি নি, আজ এতদিন পর মনে পড়ল।
তাঁর আত্মার শান্তি হোক।'
