স্টোকস-সিবলির সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০১:২৪ এএম

আগের দিন দলের বিপদে হাল ধরেছিলেন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত টেস্টর দ্বিতীয় দিনটি দুজনেই সেঞ্চুরিতে রাঙালেন। বেন স্টোকস ও ডোমিনিক সিবলির ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিন শেষে শক্ত অবস্থানেই স্বাগতিকরা।

৩ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড এদিন ৯ উইকেটে ৪৬৯ রান করার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। স্টোকস ১৭৬ ও সিবলি ১২০ রান করেছেন।

চতুর্থ উইকেটে দুজন ২৬০ রান যোগ করেছেন। শেষ নয় বছরে যা ঘরের মাঠে ইংল্যান্ডের সবচেয়ে বড় জুটি।

টেস্টে নিজের দশম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ৪৮৭ মিনিট ব্যাটিং করে ৩৫৬ বল খেলেছেন স্টোকস। ১৭ চার ও ২ ছক্কায় সাজান নিজের ইনিংস। সিবলি ৫৫৬ মিনিট উইকেটে ছিলেন। ৩৭২ বল খেলে ৫ চারে নিজের ইনিংস সাজান তিনি। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

ক্যারিবীয়দের পক্ষে ৫ উইকেট নিয়েছেন অফ স্পিনার রোস্টন চেজ। দ্বিতীয় সেরা ২ উইকেট পেয়েছেন ক্রেমার রোচ।

ইংলিশরা ইনিংস ঘোষণা করে দেওয়ার পর ক্যারিবীয়রা শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি। দলীয় ১৬ রানেই ওপেনার জোহন ক্যাম্পবেলকে হারায় দলটি। শেষ পর্যন্ত ১ উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করেছে তারা। এখনো ইংলিশরা এগিয়ে ৪৩৭ রানে।

প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত