ফরিদপুরে প্রধানমন্ত্রীর কাছে নিজের ও দুই ছেলের জীবনের নিরাপত্তা চাইলেন ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম।
শনিবার ফরিদপুর শহরের জুতাপট্টি এলাকায় অবস্থিত একটি অভিজাত চাইনিজ রেস্তরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তালমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, নগরকান্দা উপজেলার আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য কামাল হোসেন।
লিখিত বক্তব্য বলা হয়, নগরকান্দা ও সালথা উপজেলার ত্যাগী ও পরীক্ষিত আওয়ামী লীগ পরিবার হিসেবে আমরা কাজ করে চলছি সব সময়। এই জন্য দলের দুর্দিনে বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হয়েছি। আমার প্রয়াত স্বামী একজন মুক্তিযোদ্ধা ও তালমা ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সেই ধারায় আমার দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন নগরকান্দা ও সালথায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছে সব সময়। তাদের জনপ্রিয়তা দেখে শাহদাব আকবর ওরফে লাবু (সাংসদ সাজেদা পুত্র) ও বিএনপি-জামাতের থেকে আসা অনুপ্রবেশকারীদের সাথে নিয়ে হামলা ও মামলা দিয়ে হয়রানী করছে।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন জীবনের নিরাপত্তা দিয়ে বাঁচান ।
লিখিত বক্তব্য একইসাথে এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও জেলা প্রশাসক অতুল সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, নগরকান্দা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ শেখ প্রমুখ।
এ ব্যাপারে সাজেদা পুত্র শাহদাব চৌধুরী বলেন, সম্প্রতি ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ওই মামলার তদন্ত করছে পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় অত্যন্ত ১০টি মামলা রয়েছে।
তিনি বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ।
