মাত্র পঞ্চম ক্রিকেট হিসেবে টেস্টে ১০ সেঞ্চুরি ও ১৫০ উইকেটের কীর্তি গড়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেন স্টোকস। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলেন ১৭৬ রানের ইনিংস। যা তার ১০ম সেঞ্চুরি। টেস্টে স্টোকসের এটি ১৫০ ছাড়ানো দ্বিতীয় ইনিংস।
স্টোকসের আগে টেস্টে ১০ সেঞ্চুরি ও ১৫০ উইকেট নেওয়া চার ক্রিকেটার হলেন- ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী এবং সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে আরেকটি অনন্য ‘ডাবল’ গড়েছিলেন স্টোকস। টেস্টে ৪ হাজার রান ও ১৫০ উইকেটের নজির গড়েন। এই কীর্তিতে দ্বিতীয় দ্রুততম স্টোকস।
