ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেছে আর্সেনাল। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ২-০ গোলের জয় আদায় করে নেয় আর্সেনাল। দুটি গোলই করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ী দলের বিপক্ষে ১ আগস্ট শিরোপার জন্য লড়বে আর্সেনাল।
৭১ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেললেও পেপ গার্দিওলা দল এদিন প্রত্যাশিত ফল পায়নি। বরং গার্দিওলাকে আদর্শ মানেন যিনি, আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার জয় হয়েছে। গত ডিসেম্বরে সিটির সহকারী কোচের দায়িত্ব ছেড়ে আর্সেনালের ম্যানেজারের দায়িত্ব নেন আর্তেতা। প্রথম মৌসুমেই এখন তার সামনে ট্রফি জয়ের সুযোগ।
তবে আর্সেনালের এদিনের জয়ে বড় কৃতিত্ব দাবি রাখেন আউবামেয়াং। দুই অর্ধে দুটি গোল করেন তিনি দারুণ বিচক্ষণতায়। দুটি ফিনিশিংই ছিল দেখার মতো। ১৯ মিনিটে ১-০ তে দলকে এগিয়ে দেওয়ার পর ৭১ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি।
প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে শিরোপা হারানোর পর এবার এফএ কাপ জয়ের আশাও শেষ হয়ে গেল ম্যানসিটির।
লিগে সিটি এবং আর্সেনাল দুই দলেরই এখনো দুটি করে খেলা বাকি। সিটি আছে টেবিলের দুইয়ে। অন্যদিকে আর্সেনাল দশম স্থানে। সেই দলটাই এফএ কাপে পৌঁছে গেল ফাইনালে। দীর্ঘ দিনের শিরোপা খরা ঘোচানোর স্বপ্ন এখন দেখতেই পারে দলটি।
