চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারিয়েছে বার্সেলোনা। এ জন্য ব্যাপক সমালোচনা হচ্ছে কোচ কিকি সেতিয়েনের। ৮ আগস্ট নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগের ম্যাচ। সেই ম্যাচের আগেই সেতিয়েনকে কোচের পদ থেকে সরানোর কথা বলছেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রিভালদো।
১৯৯৭ থেকে ৫ বছর বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার বার্সার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বেটফায়ারের সঙ্গে। সেখানে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এবং সমর্থক ছাড়া নাপোলির বিপক্ষে ম্যাচ জেতা কঠিন হবে মনে করেন রিভালদো। নেপলসে প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছে বার্সা। রিভালদো বলেন, ‘নাপোলির কাছে হেরে যাওয়ার আশঙ্কা আছে। বার্সেলোনার সাবেক খেলোয়াড় এবং আজুলগ্রানার (নীল-লাল জার্সি) ভক্ত হিসেবে আমি এই ম্যাচ নিয়ে উদ্বিগ্ন।’ এই ম্যাচের আগে বার্সার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ কোচ। রিভালদো বলেন, ‘এখন বার্সার টেবিলে সবচেয়ে বড় যে ইস্যুটি তা হলো চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে কোচ পরিবর্তন হওয়া উচিত কি-না। আমি মনে করি এটি প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের মাথাব্যথার কারণ। প্রেসিডেন্টকে অবশ্যই এটি নিয়ে ভাবতে হবে। ভক্তরা এবং সংবাদমাধ্যমগুলো সেতিয়েনের কাজ এবং খেলার ধরন নিয়ে হতাশ। তাতে এই দাবি আরও জোরদার হয় যে, এখনই পরিবর্তন দরকার।’
বার্সার বর্তমান যে পারফরম্যান্স সেভাবে চলতে থাকলে চ্যাম্পিয়নস লিগও হাতছাড়া হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মেসি। বার্সার বর্তমান পরিস্থিতি থেকে সঠিক পথে ফিরতে কোচের পাশাপাশি গ্রীষ্মের দলবদলে নজর দিতে বলছেন রিভালদো। ইন্তার থেকে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজকে কিনতে পারে বার্সা এমন গুঞ্জন আছে। আবার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পিএসজি থেকে ফেরানোর চেষ্টায় আছে বার্সা, তা প্রায় সবারই জানা। ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রিভালদোর পরামর্শ বার্সার ফোকাস করা উচিব নেইমারের দিকে। ‘আমি মনে করি নেইমার বার্সায় যোগ দিলে তারা আবারও সেই দল হয়ে উঠবে যারা অনেক শিরোপা জিতেছে কয়েক বছর আগে। সে দলে থাকলে মেসিও মাঝেমধ্যে বিশ্রাম নিতে পারবে।’ ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যান নেইমার।
