স্বস্তিকাকে ধর্ষণ-অ্যাসিড হামলার হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৯:২১ এএম

কলকাতার নায়িকা স্বস্তিকা মুখার্জীকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দিয়েছিল হুগলির এক যুবক। যার জেরে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম পোস্ট না করে সরাসরি পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। তারা এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক যুবক। এ ছাড়া ‘ভুয়া খবর’ ছড়ানোর কারণে গ্রেপ্তার হয়েছেন আরেকজন।

সংবাদ প্রতিদিন জানায়, ঘটনার সূত্রপাত ২৬ জুন। ‘দিল বেচারা’ সিনেমার সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী।

সেই সাক্ষাৎকারের কথোপকথনের ভিত্তিতেই ‘ভুয়া’ খবর প্রচার করছিল এক পোর্টাল। ওই প্রতিবেদনে লেখা ছিল, “স্বস্তিকার মন্তব্য, সুইসাইড আজ একটা ফ্যাশন হয়ে গিয়েছে…।” যদিও অভিনেত্রী নিজে কোথাও এই ধরনের মন্তব্য করেননি। সেই প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। এবং এরপরই একের পর এক অশ্লীল মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। শুধু তাই নয়, স্বস্তিকাকে ধর্ষণ ও অ্যাসিড আক্রমণের হুমকি দেয় কৌশিক দাস নামে হুগলির এক যুবক।

এর আগে যে কোনো বিতর্কে স্পষ্ট জবাবে সমালোচকদের মুখ বন্ধ করে দিতেন নায়িকা। তবে এবার ধর্ষণ ও অ্যাসিড আক্রমণের হুমকি পেয়ে আর চুপ করে থাকেননি। সোজা লালবাজার সাইবার ক্রাইমের দ্বারস্থ হন। আর সেই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট পোর্টালের শুভম চক্রবর্তীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, স্বস্তিকাকে ধর্ষণের হুমকি দেওয়া যুবকও গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের তৎপরতায়।

পুরো ঘটনায় লালবাজার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত