জয়পুরহাটে প্রবাসীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১১:২৪ এএম

জয়পুরহাটে জমি সংক্রান্ত জের ধরে ভোররাতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে জানালা দিয়ে ঘরের ভেতরে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে কালাই উপজেলার উদয়পুর ভাটাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রবাসী ফিরোজ হোসেনের মা ফিরোজা, স্ত্রী লাবলী, ছোট ভাই জাহিদুল ইসলাম জানান, ফিরোজ দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে আছেন। পরিবারে জাহিদুল ছাড়া আর কোনো ছেলে মানুষ নেই। আমাদের পরিবারের সাথে ফিরোজের চাচাতো ভাইদের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

ইতিপূর্বে জাহিদুলের উপর হামলা করে মাথায় আঘাত করলে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল এবং গুরুতর আহত অবস্থায় ছিল।

ঘটনার দিন রাত ৮টার দিকে আমাদের উপর তারা নানা রকম হুমকি দিয়েছিল। ওইদিন রাত ৩টার পর বাড়ির পেছনের জানালা দিয়ে ঘরের ভেতরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দেওয়া হয়।

এতে মোটরসাইকেলসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা ধারণা করছি ফিরোজের চাচাতো ভাইয়েরা এসব কাজ করতে পারে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তি ও তাদের নিরাপত্তার দাবি জানান তারা।

স্থানীয় উদয়পুর ইউপি চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দেশ রূপান্তরকে বলেন, বিদেশ থেকে ফোনে ফিরোজ জানানোর পর খোঁজ নিয়েছি তাদের ঘরের ভেতরে থাকা মোটরসাইকেলসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে।

এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে থানায় মামলা এট্রি করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত