চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক গৃহবধূ ও নেসকোর ডিভিশন-১ এর সহকারী হিসাব রক্ষক মারা গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে এটিই প্রথম মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ৯ জুলাই করোনা পজিটিভ শনাক্ত হওয়া চাঁপাইনবাবগঞ্জ নেসকোর ডিভিশন-১ এর সহকারী হিসাব রক্ষক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দাউদপুরের কাজী আতাউর রহমান (৫৩) এর শ্বাসকষ্ট দেখা দেয়। ১৪ জুলাই মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি।
সদর হাসপাতালে তার অবস্থার অবনতি হলে ১৭ জুলাই শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।
রবিবার তাকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা উপজেলার তিতালপুর গ্রামে দাফন করা হয়েছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের মৃত আলাউদ্দীনের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) করোনা অক্রান্ত হয়ে মারা গেছেন।
সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ থাকায় গত ১২ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। রাবেয়ার নমুনা করোনা পজিটিভ হিসেবে ১৬ জুলাই প্রতিবেদন আসলেও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আবারও নমুনা ঢাকায় পাঠানো হয়। শনিবার রাতে সেখান থেকেও করোনা পজিটিভ প্রতিবেদন আসে।
