কালাইয়ে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:১১ এএম

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোরে কালাই উপজেলার উদয়পুর ভাটাহার গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মোটরসাইকেলসহ ঘরের অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রবাসী ফিরোজ হোসেনের মা, স্ত্রী ও ছোট ভাই জাহিদুল ইসলামের ভাষ্যমতে, ফিরোজ দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে আছেন। তাদের পরিবারের সঙ্গে ফিরোজের চাচাতো ভাইদের দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে তারা নানা রকম হুমকি দেয়। ওই রাত ৩টার পর বাড়ির পেছনের জানালা দিয়ে ঘরের ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী বলেন, তাদের ঘরে থাকা মোটরসাইকেলসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

এ ব্যাপারে কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত