ঢাকার ধামরাইয়ে মসজিদের উন্নয়ন কাজের হিসেব চাওয়ায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধরের ঘটনায় মামলা দায়েরর পর অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে ধামরাই থানায় দশ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন উপজেলার চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চৌহাট ইউনিয়নের ইউনুছ আলীর ছেলে রাজিব (২৬), একই এলাকার সোনা মিয়ার ছেলে আনোয়ার (২৩) ও দুলু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন আলী (২৫)।
ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, গত শুক্রবার বিকেলে সুন্ধিতারা জামে মসজিদের ভিতরে জুমআর নামাজ শেষে আলোচনায় বসেন তারা। এসময় মসজিদের উন্নয়নের হিসাব চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদ কমিটির সেক্রেটারীর ভাই হাসান ও তার স্বজনেরা। এ নিয়ে তর্ক-বির্তকের একপর্যায় তাকে হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন হাসান, কালা, সোনা মিয়া, আনোয়ার, হোসেন ও রুবেলসহ ৯-১০জন। এতে বাঁধা দিলে তার স্কুল শিক্ষক ছেলে লিটন ও রাশেদুলকেও মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া জানান, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
