করোনা মহামারি পরবর্তী সময়ে অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে বৈঠকে বসেছিলেন ইউরোপের নেতারা।
বিবিসি জানায়, ব্রাসেলসে শুক্রবার থেকে শুরু হওয়া প্রায় চার দিনের 'ম্যারাথন' আলোচনা শেষে মঙ্গলবার একটি চুক্তিতে পৌঁছেছেন তারা।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মাইকেল এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন।
করোনা মোকাবিলায় ইউরোপের দেশগুলোকে ঋণ ও অনুদান হিসেবে মোট ৭৫ হাজার কোটি ইউরো অর্থ বরাদ্দ দেয়া হবে।
সম্মেলনের চেয়ারম্যান চার্লস মিশেল বলেন, এটি ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বৈঠকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ এবং ব্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দেয়।
চুক্তির আওতায় মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশকে ৩৯ হাজার কোটি ইউরো অনুদান দেওয়া হবে। এই অনুদানের বড় অংশ ইতালি ও স্পেন পাবে বলে ধারনা করা হচ্ছে।
এ ছাড়া অন্য সদস্যদের জন্য স্বল্প সুদে ঋণের আওতায় বাকি ৩৬ হাজার কোটি ইউরো দেওয়া হবে।
করোনা পরিস্থিতি নিয়ে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই শীর্ষ সম্মেলন ছিল ইইউর অন্যতম দীর্ঘ বৈঠক। এর আগে ২০০০ সালে ফ্রান্সের নিস শহরে ইইউর সবচেয়ে দীর্ঘতম সম্মেলন পাঁচ দিন ধরে স্থায়ী হয়েছিল।
করোনার কারণে গত পাঁচ মাসের হিসাব মেলাতে চারদিন ধরে একাধিকবার বাগ্বিতণ্ডায় জড়ান। নানা উত্তেজনা শেষে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন তারা।
