আ. লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে: রব

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৭:২৫ পিএম

যেকোনো উপায়ে ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব।

মঙ্গলবার জেএসডি আয়োজিত ‘কর্নেল তাহের দিবস’ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এদিন কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৪তম মৃত্যুবার্ষিকী। জেএসডি এ দিনটিকে ‘তাহের দিবস’ হিসেবে পালন করে।

আলোচনা সভায় আ স ম রব বলেন, সশস্ত্র মুক্তি সংগ্রামের পর ১৯৭২ সালের সংবিধানে সশস্ত্র যুদ্ধের চেতনার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। অনুপযোগী সংবিধানের কারণেই রাজনীতিতে অপশক্তির উত্থান ঘটেছে। গণতন্ত্র আইনের শাসন সব ভূলুণ্ঠিত। রাতের আধারে ভোট ডাকাতির সংস্কৃতি ব্যাপক বিস্তার লাভ করায় সরকারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। কোন ক্ষেত্রেই সরকারের এখন নিয়ন্ত্রণ নেই। করোনা মোকাবিলাসহ সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ। জাতীয় ঐক্যের সরকার ছাড়া বিদ্যমান সংকট মোকাবিলার আর কোন বিকল্প নেই।

তিনি বলেন, দেশ মাতৃকার মুক্তির লড়াইয়ে কর্নেল তাহের ছিলেন সংগ্রামী বীর। শোষণমূলক, নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদের লড়াই করতে গিয়েই কর্নেল তাহেরকে প্রাণ দিতে হয়েছে।

১৯৭৬ সালের ২১শে জুলাই সামরিক আইনের অধীনে এক ষড়যন্ত্রমূলক মামলায় মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই প্রহসনমূলক মামলায় সিরাজুল আলম খান, মেজর জলিল, আ স ম আবদুর রবসহ অন্যান্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত