জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রকে তথ্য প্রদানের অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ডয়চে ভেলের খবর।
মাহমুদ মৌসাভি মাজদ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল ইরানের আদালত।
ইরানি সংবাদমাধ্যম মিজান এক বিচারককে উদ্ধৃত করে জানায়, সোমবার সকালে গুপ্তচরবৃত্তির দায়ে মাহমুদ মৌসাভি মাজদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর ফলে তার বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগের মামলাটি চিরতরে শেষ হলো।
জানা যায়, মাজদ সত্তরের দশকে সপরিবারে সিরিয়ায় চলে যান। সেখানে তিনি ইংরেজি এবং আরবি ভাষার অনুবাদকের কাজ করতেন।
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে রেভোল্যুশনারি গার্ড বাহিনী কুদসের সাবেক প্রধান কাশেম সোলেইমানি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহের অভিযোগ আনা হয় মাজেদের বিরুদ্ধে।
যদিও সোলেইমানির সঙ্গে মাজদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। আরবি এবং ইংরেজি ভাষায় দক্ষতার সুবাদে অনুবাদের কাজ পেয়ে ইরানি সেনাবাহিনীর নানা স্থাপনায় যাতায়াত করতেন তিনি। এতে অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়।
জানুয়ারিতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছিলেন ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি।
একই হামলায় প্রাণ হারান ইরাকের পার্লামেন্টারি বাহিনীর ডেপুটি চিফ আবু মেহদি আল মুহান্দিসও। এই ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছিল।
