রাজধানীর বাসাবাড়িতে এডিস মশা জরিপ ‘মৌসুমি এডিস সার্ভে-২০২০’ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ জুলাই থেকে এ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডে দশ দিনের এ জরিপ চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ২২টি টিম এই জরিপে অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তিতে গত ১৯ ও ২০ জুলাইয়ের জরিপের প্রতিবেদন দেওয়া হয়।
এতে বলা হয়, প্রথম দুদিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি জোনের ২২টি ওয়ার্ডে জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
