ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) গত ১৮ জুলাই স্টার্ট-আপের সম্ভাবনা
শীর্ষক ওয়েবিনার সেশন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সম্মানিত অতিথি ছিলেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি। এই ক্যারিয়ার ওয়েবিনারে রিসোর্স পারসন ছিলেন ওরাকল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও পালস হেলথকেয়ার সার্ভিসেসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, করোনাভাইরাসের এই সময়ে ডিজিটাল ডিভাইস ও
ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য জরুরি। এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি স্বল্পমূল্যে শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট প্যাকেজ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ছাত্রজীবন থেকেই নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরে কাজী নাবিল আহমেদ, এমপি ইউল্যাব থেকে পাস করা সাবেক সফল শিক্ষার্থী, বন্ধু ও প্রফেশনালদের সঙ্গে নেটওয়ার্ক তৈরির জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। স্টার্ট-আপ নিয়ে বলতে গিয়ে রুবাবা দৌলা বলেন, যেকোনো দুর্যোগ বা চ্যালেঞ্জ কিছু সুযোগ সৃষ্টি করে। এই চ্যালেঞ্জ বুঝতে পেরে যারা সমস্যার সমাধান নিয়ে আসেন তারাই পরবর্তী সময়ে টিকে থাকতে পারে।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্য নিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রায় ২০০ শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশ নেয় এবং অতিথিরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিজ্ঞপ্তি।
