বগুড়ার কাহালু থেকে ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১৩৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। বগুড়ার চতুর্থ আমর্ড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের এই চালান উদ্ধার করে।
বুধবার বিকেলে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার ভাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে একটি ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
বগুড়া এপিবিএন অধিনায়ক জয়নুল আবেদীন জানান, নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬৮০) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে আর্মড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। এরপর ট্রাকে সবজির উপরে বসে থাকা যাত্রী ছোটনকে নামিয়ে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।
আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থানে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওঠে। এ সময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দিয়ে সেটি গাজিপুরে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে থানা পুলিশ গিয়েছে। এপিবিএন থেকে এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
