রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঠিকমতো কাজ করছে না ওয়াসা। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে সরেজমিনে প্রমাণ দেখালেন ঢাকার দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হলেও তারা ব্যর্থ।
রাজধানীর জলাবদ্ধতা নিয়ে বুধবার সকালে এক ভার্চ্যুয়াল সভার পর মন্ত্রী ও দুই মেয়র কিছু এলাকা পরিদর্শন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।
বিকেলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামকে নিয়ে শিকদার মেডিকেলের বিপরীতে কালুনগর স্লুইসগেট পরিদর্শনে যান মেয়র তাপস। সেখানে গিয়ে তাঁরা দেখলেন, কালুনগর খাল ময়লা–আবর্জনায় ঠাসা। এই পথ হয়ে পানিনিষ্কাশনের কোনো উপায় নেই।
হাতিরঝিল স্লুইসগেটে এসে দেখা গেল একই চিত্র। এই পথ দিয়ে পানিনিষ্কাশন বন্ধ রয়েছে। মন্ত্রী ও মেয়র সেখানে আসার পর এটি খুলে দেওয়া হয়েছে। এই স্লুইসগেট বন্ধ রাখার কারণে কাঁঠালবাগান, ধানমন্ডি ২৭–সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন দক্ষিণের মেয়র।
হাতিরঝিল স্লুইসগেট পরিদর্শনে এসে ডিএসসিসির মেয়র বলেন, ‘হাতিরঝিলের এই অংশ হয়ে পান্থপথের কালভার্ট দিয়ে পানিনিষ্কাশন হওয়ার কথা। কিন্তু এটা দীর্ঘদিন বন্ধ করে রাখা হয়েছে। অন্তত বর্ষা মৌসুমে এটা খুলে দেওয়া উচিত। আমরা পরিদর্শনে আসার পর এটা খুলে দেওয়া হয়েছে। এখন সুন্দরভাবে পানি প্রবাহ হচ্ছে। পানি বের হওয়ার এ পথটি বন্ধ করে রাখার কারণে কাঁঠালবাগান থেকে আরম্ভ করে গ্রিন রোড, এমনকি ধানমন্ডি ২৭ নম্বর ও রাপা প্লাজার সামনে পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘খালগুলো ভালো করে পরিষ্কার করা দরকার। যদিও আমরা এসব বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নিয়েছি। কিন্তু সবগুলো এখনো ঠিকভাবে পরিষ্কার হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘এখন আমরা আরও ফরোয়ার্ড লুকিং হিসেবে কাজ করার চেষ্টা করব। কবে নাগাদ এই কাজ শেষ হবে, এ বিষয়ে দিন বলা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব শহরের মানুষদের যাতে দুর্ভোগে পড়তে না হয়, এর সমাধান করার চেষ্টা করব।’
পরে ডিএনসিসির মেয়র বলেন, ‘রাস্তায় পানি জমলে গালি আমাদের শুনতে হয়। এ জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি ওয়াসার মালিকানাধীন খালগুলো আমাদের দিয়ে দিন। আমরা নগরবাসীকে দেখিয়ে দিতে চাই আমরা যে কথা বলি, তার সঙ্গে কাজের মিল আছে।’
