স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক হিসেবে ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল-এমবিডিসি এর উপপরিচালক ছিলেন ডা. ফরিদ। তিনি মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে ওএসডি করা হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতিসহ বিভিন্ন বিতর্কের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করেন। মঙ্গলবার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
বুধবার স্বাস্থ্য সচিব মোহাম্মদ আবদুল মান্নান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। আবুল কালাম আজাদের পদত্যাগপত্র জনপ্রশাসনে গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ অনুযায়ী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে নিয়োগ সম্পন্ন হবে।
করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতাল ও জেকেজি জালিয়াতির ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
এছাড়া করোনাকালে হাসপাতালগুলো থেকে রোগী ফিরিয়ে দেওয়ার অনেক ঘটনায়ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
