বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। শুক্রবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং অন্যজন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে মারা যান।
বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত চারটার দিকে মারা গেছেন কোভিডে আক্রান্ত একজন নারী। তার নাম দীপালি সাহা (৬৫)। তার স্বামীর নাম বিনয় বিহারি সাহা। বগুড়ার শেরপুর শহরের দক্ষিণ সাহাপাড়া মহল্লার বাসিন্দা ওই নারী গৃহিণী ছিলেন।
অন্যদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে কোভিডে মারা গেছেন মুনছুর আলী (৬৫) নামের এক রোগী। গত ১৯ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হযেছিল। তিনি বগুড়ার শাজাহানপুরের মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা এবং চাল ব্যবসায়ী ছিলেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ কোভিডে একজন রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত বগুড়ায় কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৪২০ জন। এর মধ্যে মারা গেছেন ৯১ জন।
