কুড়িগ্রামে বন্যা: মারাত্মক খাদ্য সংকটে তিন লাখ বানভাসি মানুষজন

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১১:৫৫ পিএম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মারাত্মক খাদ্য সংকটে পড়েছে জেলার প্রায় তিন লাখ বানভাসি মানুষজন। দেখা দিয়েছে নানা ধরনের পানিবাহিত রোগ।

এদিকে, এসব এলাকায় বেসরকারিভাবে কোনো ত্রাণ বিতরণ নাই বললেই চলে। অধিকাংশ জনপ্রতিনিধিরা সরকারি বরাদ্দ পেলেই ত্রাণ বিতরণ করছেন। বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার সাথে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে চিলমারীর রমনা মাস্টার পাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে আদিলা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আমিনুল ইসলামের কন্যা বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বৃহস্পতিবার ধরলা নদীর পানি ২২ সেন্টিমিটার কমলেও এখনও ৭২ সেন্টিমিটার বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে বেড়েই চলেছে। চিলমারী পয়েন্টে ৭৫ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত