করোনাভাইরাসের কালবেলায় বলিউডের কাজ প্রায় একেবারেই বন্ধ। দুরবস্থার শিকার একাধিক অভিনেতা, স্পটবয় থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে ব্যাপক খারাপ অবস্থায় পড়েছেন বলিউডের নৃত্যশিল্পীরাও। তাদের সাহায্যে এগিয়ে এলেন হৃতিক রোশন। অন্তত একশ জন বলিউড ডান্সারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন হৃতিক। এই প্রত্যেক ড্যান্সারের সঙ্গেই কখনো না কখনো পারফর্ম করেছিলেন অভিনেতা। সে কারণে প্রথমেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হৃতিক।
বলিউড সংগসের কো-অর্ডিনেটর রাজ সুরানি বলেছেন, ‘করোনার এমন কালবেলায় ১০০ জন ড্যান্সারের পাশে দাঁড়িয়েছেন হৃতিক রোশন। অনেকেই দুরবস্থার শিকার হয়ে নিজেদের গ্রামে ফিরে গিয়েছেন। অনেকের আবার বাড়ি ভাড়া দেওয়ারও ক্ষমতা নেই। এদের মধ্যে অনেকের পরিবারের লোকেরা করোনা পজিটিভ ধরা পড়েছে। খুবই ভয়াবহ এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন হৃতিক। ব্যাংক অ্যাকাউন্টে হৃতিকের পাঠানো টাকা দেখে খুবই খুশি হয়েছেন প্রত্যেকে। করোনার সংকটে হৃতিকের কাছ থেকে এমন সাহায্য পেয়ে কৃতজ্ঞ প্রত্যেকে।’
অনেক ডান্সারই হৃতিকের কাছ থেকে এমন সাহায্য পেয়ে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। হৃতিককে ধন্যবাদ জানিয়ে তারা অভিনেতার সঙ্গে নিজেদের ছবি পোস্ট করেছেন। এর আগে হৃতিক বিএমসি কর্মীদের জন্য এন৯৫ ও এফএফপিথ্রি মাস্ক পাঠিয়েছিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অক্ষয় পাত্রর সঙ্গে হাত মিলিয়ে খাবারের বন্দোবস্তও করেছিলেন তিনি। এছাড়াও যারা বলিউড সেলিব্রিটিদের ছবি তোলেন, সেই পাপারাৎজিদেরও সাহায্য করেছিলেন নায়ক।
কিছুদিন আগেই ‘সুপার ৩০’র সাফল্যের কথা শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না এক বছর হয়ে গেল। আমার কাছে এই ছবির সাফল্য আমার অন্য যে কোনো ছবির থেকে আলাদা। ক্যামেরার সামনে আমার আনন্দ কুমার হয়ে ওঠার জার্নিটা দারুণ ছিল, খুবই স্পেশাল। তার বডি ল্যাংগুয়েজ থেকে নিজেকে তার মতো ট্রান্সফর্ম করাটা সব সময়ই আমার মুখে হাসি এনে দেয়।’
বিহারের জনপ্রিয় গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিকে কাজ করেছিলেন হৃতিক। এমনিতেই তাকে বলিউডের গ্রিক গড বলা হয়। তবে নিজের সুন্দর চেহারা থেকে একেবারে সাধারণ চেহারার অথচ এমন বুদ্ধিমত্তার এক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা। হৃতিকের জন্য এই চরিত্রে চ্যালেঞ্জিং ছিল বলেই মনে করেন তিনি নিজে। ক্যামেরার সামনে তিনি সত্যিই ভুলে গিয়েছিলেন তিনি আসলে কে। আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসাও পেয়েছিলেন তিনি। ওই বছর টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ ছবিতেও জনপ্রিয়তা পেয়েছিলেন হৃতিক।
