করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের আর্থিক অনুদান প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
রবিবার শহরের এ কে এম শামছুজ্জোহা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সহ সভাপতি ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, আমি যখন প্রথমবার তোলারাম কলেজের ভিপি হই তখন আমাকে কেউ চিনতো না। আমাকে চিনতে পেরেছিল যখন আমি টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের সমস্ত পুরস্কার একলা জিতেছিলাম। সবাই তখনই জানলো আমি এ কে এম শামসুজ্জোহা সাহেবের ছেলে। তার আগে আমার বাবার কথা ছিল, আমি যাতে পরিচয় না দিই। আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলতাম। খেলা মানুষকে সুস্থ রাখে, আমি এমপি হওয়ার পরেও খেলতাম কিন্তু বোম ব্লাষ্টের পর অসুস্থ হয়ে পড়ার পর খেলাটা আমার ছাড়তে হয়।
তিনি আরও বলেন, ঈদের পর আমরা সাংবাদিকদের নিয়ে বসবো। আমরা নারায়ণগঞ্জটাকে ঠিক করবো। যেখানেই অনিয়ম পাবো, যার বিরুদ্ধেই পাবো, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিবো। আমি কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধেও লিখতে হবে, না লিখলে আপনারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন।
