বিদেশ থেকে উপহার আসার মিথ্যা তথ্য দিয়ে শুল্ক পরিশোধের নামে মানুষের কাছ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার কৃতরা হলেন- কায়েস হোসেন (২৫), তার স্ত্রী শাহিদা খাতুন (২৫) ও সুজন মাঝি (২৮)।
সিআইডি সদর দপ্তরে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানিয়েছেন। তাদেরকে শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রেজাউল মাসুদ তিনি বলেন, এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘অ্যাকাউন্ট হোল্ডার’ সংগ্রহ করতো। এছাড়াও বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে নাইজেরিয়ানদের সরবরাহ করত। কায়েসের নামে এধরনের ১৫টি অ্যাকাউন্ট ও অন্যান্য নামে আরও ৩৩ অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে।
চক্রটি কাউকে ঠিক করে বিদেশি নামের কোনো অ্যাকাউন্ট ফেইসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই ব্যক্তি ফেইসবুকে রিকোয়েস্ট গ্রহণ করলে চক্রটির সদস্যরা মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ শুরু করে তার ‘বিদেশি বন্ধু’ আইফোন, আইপ্যাড ও কিছু ডলারের কিছু উপহার পাঠাবে বলে জানায়।
কিন্তু কিছুদিন পর শুল্ক কর্তকর্তা পরিচয়ে ভুক্তভোগীকে ফোন করে বলা হয়, বিদেশি বন্ধুর পাঠানো ওই উপহার দেশের নিয়ম অনুযায়ী শুল্ক পরিশোধ না করে আনা হয়েছে। তাই শুল্ক হিসেবে নির্দিষ্ট পরিমাণ (হাজারে বা লাখে) টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে দিতে বলা হয়।
ওই টাকা পেয়ে ভুক্তভোগীকে দ্বিতীয়বার ফোন করে বলা হয়, উপহারের বাক্সে কিছু ডলার বা অন্য কোনো বিদেশি মুদ্রা রয়েছে। সেজন্য আরও টাকা (সাধারণত লাখে) দিতে হবে।
রেজাউল মাসুদ বলেন, শনিবার গ্রেপ্তার এই তিন বাংলাদেশি প্রতারণার কাজে ব্যবহারের জন্য বিভিন্ন নামে ব্যাংক হিসাব খুলতেন। ভুক্তভোগীরা সেখানে টাকা পাঠানোর পর তা তুলে নাইজেরীয়দের হাতে দিত। তার বিনিময়ে ৪ থেকে ৫ শতাংশ হারে কমিশন পেত।
তাদের কাছ থেকে ৪৮টি চেক বই, চারটি মোবাইল ফোন ও একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে।
একই ধরনের অভিযোগে মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ১১ নাইজেরীয়সহ ১২ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পল্লবী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এর আগে ৯ জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন নাইজেরীয় ও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে সিআইডি।
