গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছে এক শ্রেণির হকার। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকার পরও সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় সড়কের কিছু অংশ ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা চলছে গভীর রাত পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে। ফুটপাতগুলোতে হাজার হাজার মানুষের ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রতিনিয়ত পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। সড়কের কোনো কোনো অংশে প্রতিনিয়ত গাড়ি পার্কিং করা হচ্ছে। এতে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
মাওনা চৌরাস্তার পশ্চিম পাশে মহাসড়কের ওপর রাস্তা আটকে ও ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এতে মানুষ চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে পথচারীদের চলাফেরা করতে হচ্ছে। উড়াল সেতুর নিচে ভ্যানগাড়িতে ফল রেখে বিক্রি হচ্ছে। রাস্তায় প্রায়ই যানজট লেগে থাকে। অথচ সব সময় উড়াল সেতুর নিচে জেলা ও হাইওয়ে পুলিশ থাকলেও এসব অস্থায়ী দোকান চলছে নির্বিঘেœ।
শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ী, মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুই পাশ, নয়নপুর, জৈনাবাজার ও গাজীপুর সদরের বাঘেরবাজার, নতুনবাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রশাসনের দাবি, নিয়মিত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ওসি এ আর এম আল মামুন বলেন, উচ্ছেদ করার পর আবার দোকান বসানো হয়।
