বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিকায়ন ও যুগোপযুগী করতে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) দিচ্ছে ভারত সরকার।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ১০টি ইঞ্জিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে ভারতের রেল বিভাগ।
দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) জেনারেল ম্যানেজার মীর কান্তি গুহ।
ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর নেতৃত্বে রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দর্শনা এসে পৌঁছেছেন।
দর্শনা আন্তর্জাতিক স্টেশন ম্যানেজার মীর লিয়াকত আলী জানান, ভিডিও কনফারেরেন্সের মাধ্যমে দু’দেশের পররাষ্ট্র ও রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ইঞ্জিন ১০টি হস্তান্তরের সময় ভারতের রেল বিভাগের ৪ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ভারত সরকারের ১০টি রেল ইঞ্জিন গ্রহণ করতে দর্শনা ইতিমধ্যে আন্তর্জাতিক রেল স্টেশনকে সাজানো হয়েছে নতুনভাবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী জানান, বর্তমান সরকার রেলওয়েকে আধুনিকায়ন করতে বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত সরকারের ১০টি ব্রডগেজ ইঞ্জিন উপহার সেই উদ্যোগের অংশ। এটি আমরা ভারত সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার আগে ভারতের এ উপহার হিসেবে মনে করছি।
