কুমুদিনী হাসপাতালে বন্যার পানিতে চলছে নৌকা

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০২:৪০ পিএম

বন্যার পানির অব্যাহত বৃদ্ধির ফলে টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ভোগ বেড়েছে। কুমুদিনী হাসপাতালের ক্যাম্পাসে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ব্যবহার করতে হচ্ছে নৌকা। চিকিৎসাসেবায় বিঘ্নিত ঘটছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত লৌহজং নদীর তীর ঘেঁষা ১০৫০ শয্যা বিশিষ্ট কুমুদিনী হাসপাতাল। স্বাভাবিক সময়ে বহির্বিভাগে এক থেকে দেড় হাজার রোগী স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। করোনা পরিস্থিতিতে এর পরিমাণ কমলেও প্রতিদিন শত শত রোগী আসেন এই হাসপাতালে।

image

করোনায় সংক্রমণ কিছুটা কমে আসলেও এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে বন্যা। নদীর পানি বৃদ্ধি পেয়ে কুমুদিনী হাসপাতালের ক্যাম্পাসে এখন পানি।

এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের এবং ডাক্তার নার্সসহ সংশ্লিষ্টদের।

শুরুতে ইট বিছিয়ে বেঞ্চ পেতে চলাচল করলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। পুরো ক্যাম্পাসে পানি থাকায় ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের চলাচলের জন্য রিকশা ভ্যানের সাথে নৌকার ব্যবস্থা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ্কইসাথে ভারতেশ্বরী হোমসের শিক্ষক কর্মচারীদের যাতায়াতের জন্য নৌকা ব্যবহার হচ্ছে।

image

হাসপাতালে সেবা নিতে আসা সদরের পুষ্টকামুরী গ্রামের কলেজ ছাত্রী লাবনী আক্তার বলেন, হাসপাতলের এক জায়গা অন্য জায়গায় যেতে রিকশার পাশাপশি নৌকাও ব্যবহার করা হচ্ছে।

ভারতেশ্বরী হোমসের শিক্ষিকা লেখীকা হেনা সুলতানা বলেন, কুমুদিনী হাসপাতালের ক্যাম্পাস জুড়ে পানি। তবু কাজ তো থেমে থাকে না। বাসা থেকে বের হলেই পানি। চলাচরের জন্য রিকশার পাশাপাশি আমরা নৌকাও ব্যবহার করছি।

কুমদিনী হাসপাতালের সহকারি মহা-ব্যবস্থাপক (অপারেশন) অনিমেষ ভৌমিক বলেন, পানি বৃদ্ধির ফলে আমাদের কাজের গতি সঞ্চারে কিছুটা ব্যাঘাত ঘটলেও চলাচলের জন্য রিকশার পাশাপাশি নৌকা ব্যবহার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত