প্লাজমা দিতে ঢাকায় ফরিদপুরের করোনা জয়ী ৩৫ পুলিশ

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৩:৪১ পিএম

এখন পর্যন্ত ফরিদপুর জেলা পুলিশের ৩১২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই সদস্য এই ভাইরাসের মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৭৪ সদস্য। এই সুস্থ হওয়া ৩৫ সদস্যকে আজ ঢাকায় পাঠানো হচ্ছে প্লাজমা ডোনেট করতে।

বুধবার জেলা পুলিশ লাইনস হল রুমে বেলা সাড়ে ১১টার সময় করোনা জয়ী এই পুলিশ সদস্যদের সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম প্রমুখ।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ফরিদপুরে পুলিশ শুধু মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতামূলক কর্মকাণ্ডই পরিচালনা করেনি, তারা করোনা আক্রান্তদের খাদ্যসহায়তা, হাসপাতালে পৌছে দেওয়া, লাশ দাফন ও সৎকারসহ নানাবিধ মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, দেশে করোনাযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফরিদপুর পুলিশ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছে। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি।

তিনি বলেন, আমরা এই দূর্যোগের সময়ে মানুষের পাশে মানবিক হয়ে কাজ করতে চাই। এই জন্যই করোনা জয়ী ৩৫ পুলিশ সদস্য স্বেচ্ছায় করোনায় আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করে প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত