ধলই চা বাগান খোলার দাবিতে পদ্মছড়া চা বাগানে নারী শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৫:১৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান খোলার দাবিতে মাধবপুরের পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে নারী শ্রমিকেরা কাজে যোগদানের আগে বাগানের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় একটি নোটিশ টাঙিয়ে ধলই চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ধলই চা বাগান কোম্পানি। এর প্রতিবাদে ও অবিলম্বে ধলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে বুধবার সকালে পদ্মছড়া চা বাগানের নারী চা শ্রমিকেরা কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলকালে নারী চা শ্রমিকেরা ৩টি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে, অবিলম্বে ধলই চা বাগান খুলে দিতে হবে। কোন কারণ ছাড়া হটকারি সিদ্ধান্ত চা বাগান বন্ধ ঘোষণার জন্য তদন্তক্রমে দায়ীদের বিচার করতে হবে। গঠিত সরকারি মজুরি বোর্ড চা শ্রমিকদের নির্ধারিত মজুরি দিতে হবে। 

আন্দোলনকারী নারী চা শ্রমিকেরা বলেন, অবিলম্বে ধলই চা বাগান না খুললে প্রতিটি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ  চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, ধলই চা বাগানের সমস্যা ও চা বাগান খোলার বিষয়ে বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ধলই চা বাগান মালিক পক্ষের প্রতিনিধি, চা বাগান পঞ্চায়েত কমিটি ও মনু- ধলই ভ্যালির নেতৃবৃন্দের উপস্থিতিতে জরুরি বৈঠক হবে। তিনি আশাবাদী এ বৈঠকে একটি সমাধান হবে। 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বুধবার বিকেলের বৈঠকে একটি সমাধান আসতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত