সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুল খালেক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের আইসোলেশনে তিনি মারা যান।
মৃত আব্দুল খালেক (৬০) কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ জুলাই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছিলেন কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেক।
বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ নিয়ে মারা গেছেন অন্তত ৪৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
