বুধবার রাতে লক্ষীপুর সদর থানা পূর্ব ১০ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন জাবেদকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার রাতে সংগঠনটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা বলেন, ছাত্রদল নেতা সাইফুদ্দিন জাবেদ তার পরিবারের সদস্যদের সঙ্গে যখন পবিত্র ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বিনাকারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তাতার করে।
তারা বলেন, ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারা একের পর এক খুন করেও পার পেয়ে যাচ্ছে, দলবাজ প্রশাসনের নাকের ডগায় তারা ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না। অথচ ছাত্রদলের মেধাবী নেতাকর্মীরা কোনো অন্যায় না করলেও রুটিন করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা সাইফুদ্দিন জাবেদকে গ্রেপ্তার তারই একটি উদাহরণ।
বিবৃতিতে তারা সাইফুদ্দিন জাবেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
