হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শুক্রবার ভোরে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবকের নাম মুসা মিয়া (১৮)। তিনি উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল আহাদের ছেলে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এজহারের বরাত দিয়ে বলেন, উপজেলার একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পূর্ব ভাদেশ্বর প্রকাশিত পুকুরপাড় গ্রামের যুবক মুসা গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে কৌশলে চাম কাঁঠাল দেওয়ার কথা বলে নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
হত্যার ভয় দেখিয়ে ছাত্রীকে জড়িয়ে ধরে ভিডিও ও অশ্লীল ছবি মোবাইলে ধারণ করেন। আর এই ভিডিও ও ছবিগুলো এলাকার সমবয়সী যুবকদের মাঝে প্রচার করেন মুসা। পরে ভুক্তভোগী ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে ওই যুবকের কাছ থেকে ছবি ও ভিডিও উদ্ধার করে থানা পুলিশের শ্মরণাপন্ন হয়।
ঘটনার ৫দিন পর বৃহস্পতিবার বিকালে ছাত্রীর মা বাদী হয়ে বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে মুসাকে আটক করা হয়েছে।
