‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমার ট্রেলার প্রকাশ হয়েছে শনিবার। আর সেই ছবির ট্রেলারেই নাম নেই প্রযোজক করণ জোহরের! নেপথ্যের কারণটা কি সেই ‘স্বজনপোষণ’ বিতর্ক?
মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবি কাপুর, যার আগের ছবির মতো ‘গুঞ্জন সাক্সেনা’র প্রযোজকও নেপোটিজমের অভিযোগে কাঠগড়ায় দাঁড়ানো করণ। তার নাম উল্লেখ থাকলে হয়তো আলিয়া ভাটের ‘সড়ক টু’র মতোই নেটিজেনরা এই ছবিকেও বয়কটের ডাক দিতে পারে! সেই জায়গা থেকেই হয়তো ট্রেলার থেকে বাদ দেওয়া করণ জোহর এবং তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের নাম।
এমনিতেই ‘ধড়ক’-এর বছর দুয়েক বাদে জাহ্নবি ফিরছেন পর্দায়, সেখানে ছবি মুক্তির দায়িত্ব গিয়েছে নেটফ্লিক্সের হাতে। উপরন্তু ছবির প্রযোজককে নিয়ে বেজায় চটে রয়েছেন নেটিজেনরা। তাই বাণিজ্যিক দিক থেকে প্রভাব পড়ার আশঙ্কাতেই হয়তো কোনোরকম ঝুঁকি নিতে চায়নি কেউই।
এ সব রেশ ধরেই অদ্ভূতভাবে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’-এর ট্রেলার থেকে বাদ পড়েছে করণ জোহরের নাম। যেখানে আগের পোস্টারগুলোতে প্রযোজকের নাম জ্বলজ্বল করছে!
করণ জোহরকে নেপোটিজমের ‘ঝান্ডাধারী’ বলে বাণ ছুঁড়েছিলেন কঙ্গনা রনৌত। বছর খানেক আগের কথা! এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেই প্রসঙ্গ ফের জোরালো হয়েছে। বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্কের জল এতদূর গড়িয়েছে যে তাতে একের পর এক ডাকসাইটে তারকাদের নাম জড়িয়েছে। কেউ সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন তো কেউ বা আবার প্রকাশ্যে বাক-বিতণ্ডায় জড়াতে, টিটকিরি করতেও ছাড়ছেন না!
করণের বিরুদ্ধে অভিযোগ, স্টারকিডদের প্রতিভা না থাকা সত্ত্বেও তিনি তাদের সিনেমায় সুযোগ করে দেন। এমনকী ইন্ডাস্ট্রির ‘আউটসাইডার’দের ফোনও তিনি ধরতে চান না। এই অভিযোগ কিন্তু শুধু সুশান্ত নয়, আয়ুষ্মান খুরানার মতো অভিনেতাও করেছেন।
করণের ছবির হাত ধরেই যেখানে অনায়াসে আলিয়া ভাট, জাহ্নবি কাপুর, অনন্যা পাণ্ডের মতো তারকাসন্তানেদর ব্রেক দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিতে, সেখানে কোনো বহিরাগতদের কেন সুযোগ করে দেওয়া হয় না? এই প্রশ্ন উঠেছে একাধিকবার।
সুশান্তর মৃত্যুর পর থেকেই নেটিজেনদের রোষানলে করণ জোহর। স্বজনপোষণের অভিযোগ তুলে ক্রমাগত ট্রোলড হতে হচ্ছে তাঁকে! পরিস্থিতি নাকি এতটাই সঙ্গীন হয়ে গিয়েছিল যে, তিনি নাকি অভিমানে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালের বোর্ড থেকে ইস্তফা অবধি দিয়ে দেন। শোনা যায়, ‘কফি উইথ করণ’ চ্যাট শোয়ের ভবিষ্যৎ নিয়েও নাকি সন্দিহান চ্যানেল কর্তৃপক্ষ!
অবশ্য ট্রেলার থেকে নাম বাদ দিয়ে খুব একটা লাভ হয়নি। ইউটিউবে ভিডিওটির মন্তব্যের ঘরে ঠিকই স্বজনপোষণ নিয়ে মন্তব্যে সয়লাব।
