দুমকিতে ‘পছন্দের মোবাইল কিনে না দেয়ায়’ যুবকের আত্মহত্যা

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৪:৫৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে পছন্দের মোবাইল ফোন না পাওয়ার অভিমানে রিয়াজ (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ মৃত হাফেজ রিয়াজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, নিহত রিয়াজ ৫ বছর আগে হাফেজী পাস করেছেন। তার বাবা  আবদুল মালেক মোল্লা ঢাকায় চাকরি করেন ও মা বিদেশে থাকেন। রিয়াজ একাই বাড়িতে বাস করছিলেন। রিয়াজের বড় ভাই্ সিরাজুল ইসলাম্ও ঢাকায় চাকরি করেন।

নিহতের বাবা আবদুল মালেক মোল্লা জানান, গত বৃহস্পতিবার রিয়াজ ওর বড় ভাইয়ের কাছে একটি মোবাইল কিনে দেয়ার জন্য অনুরোধ করে। কাঙ্খিত মোবাইল ফোন না পাওয়ায় ক্ষোভ, দুঃখ ও অভিমানে তিনি (রিয়াজ) বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, রিয়াজ তার পরিবারের কাছে একটি মোবাইল চেয়েছিল। এছাড়াও শুনেছি মাদক সেবন করতেন তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত