আজ যে সম্পর্ক একদম নিখুঁত মনে হচ্ছে, কাল তা নাও থাকতে পারে। সময়ের সঙ্গে বদলে যেতে পারে অনেক কিছু।
ব্র্যাড পিট যখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সংসার বেঁধে থিতু হয়েছিলেন, ভেবেছিলেন লাভ লাইফে এর চেয়ে চূড়ান্ত কিছু নেই। কিন্তু বালির বাঁধের মতো ভাঙতেও সময় নেয়নি।
সেই সংসার থাকলে চলতি বছরেই দুই দশক উদযাপন করতেন। এই সব কথা নতুন করে বলার কারণ হলো লস অ্যাঞ্জেলসে দুই তারকার কেনা একটি বাড়ির দাম সম্প্রতি ধরা হয়েছে সাড়ে ৪ কোটি ডলারের মতো।
২০০১ মালে ক্যালিফোর্নিয়ার ১২ হাজার বর্গফুটের বাড়িটি ১ কোটি ৩১ লাখ ডলারে এন্টারটেইনমেন্ট লয়ার কেন জিফ্রেন থেকে কেনেন পিট ও অ্যানিস্টন। বাড়িটি মেরামত ও সাজানোর জন্য তারা তিন বছর ব্যয় করেন।
বর্তমানে বাড়িটির মালিক হেজ ফান্ড এক্সিকিউটিভ জোনাথন ব্রুকস। হলিউড তারকা জুটির সংসার ভাঙার পর তিনি ২০০৬ সালে বাড়িটি কিনে নেন।
বাড়িটিকে ফরাসি নরমান্ডি ধাঁচের বলে উল্লেখ করেছিল একটি জার্নাল। এখানে আছে চারটি বেডরুম। সঙ্গে সুইমিং পুল ও খোলা জায়গা। এমনকী একটি চ্যাম্পিয়ন টেনিস কোর্টও আছে। রান্নাঘরে বসিয়ে ছিলেন হিটেড মার্বেল ফ্লোর। ২০০ বছরের পুরোনো ফরাসি বাড়ির কাঠের মেঝে বসিয়েছিলেন পাবে। আছে আরও সুযোগ-সুবিধা।
ভাগ্যের লিখন হলো, এই বাড়ির মালিকাসা ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের হাতে ছিল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। এ সময় সংস্কার ও সাজানোর জন্য তারা তিন বছর ব্যয় করলেও বসবাস করেছেন দুই বছরের কম সময়। এর পরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
২০১৯ সালের মে মাসে বাড়িটি বিক্রির জন্য ৪.৯ কোটি ডলার দাম ধরা হয়। কিন্তু উপযুক্ত ক্রেতা না মেলায় সম্প্রতি দাম কমানো হয়েছে।
