বাংলাদেশে পাচারের জন্য ইতালিতে জমাকৃত ২০ মিলিয়ন ইউরো উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০২০, ১১:৪৮ পিএম

ইতালি থেকে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাচারের জন্য জমাকৃত ২০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা) উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশি মালিকানাধীন ৬ টি মানি ট্রান্সফার দোকান থেকে পাচারের উদ্দেশে জমাকৃত এই টাকা উদ্ধার করে ইতালির অর্থ মন্ত্রণালয়ের বিশেষ মিলিটারি পুলিশ ফোর্স ‘গুয়ার্দিয়া দি ফিনান্সা’।

বৃহস্পতিবার ইতালির পত্রিকা ‘রোমা টুডে’ এমন খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, রোমের বাঙালি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার বাংলাটাউন এলাকার ৬ টি বাংলাদেশি মালিকানাধীন মানি ট্রান্সফারের দোকান থেকে এগুলো উদ্ধার করা হয়। এসব টাকা ইতালি থেকে অবৈধপথে বাংলাদেশে পাঠানোর উদ্দেশ্যে জমা করা হয়েছিল।

এছাড়াও বলা হয়েছে, পাচারকাজে জড়িত সন্দেহে মানি ট্রান্সফার করা এজেন্সি ৬ টি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও রোমে সকল বাঙালি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

জানা যায়, ২০১৯ সাল থেকেই নানাকারণে গোয়েন্দা নজরদারিতে রাখা হয় রোমের কিছু বাঙালি মালিকানাধীন মানি ট্রান্সফারের দোকান। এসময় এসব দোকানের কিছু অনিয়মের প্রমাণ পেলে স্থানীয় প্রশাসনের নির্দেশে এক অভিযান চালায় দেশটির অর্থমন্ত্রণালয়ের বিশেষ মিলিটারি পুলিশ ফোর্স ‘গুয়ার্দিয়া দি ফিনান্সা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত