অবশেষে চীনে মুক্তি পাচ্ছে বিতর্কিত ‘দ্য এইট হান্ড্রেড’

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৩:৪৭ পিএম

এক বছরের বেশি সময় আটকে থাকার পর চীনে মুক্তি পাচ্ছে যুদ্ধভিত্তিক সিনেমা ‘দ্য এইট হান্ড্রেড’।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা যায়, রহস্যময় রাজনৈতিক কারণে অনুমতি না পাওয়া সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে ২১ আগস্ট। এর মাধ্যমে করোনা লকডাউনের পর বড় বাজেটের স্থানীয় সিনেমা মুক্তি পেতে যাচ্ছে চীনে।

৮ কোটি ডলার ব্যয়ে নির্মিত ‘দ্য এইট হান্ড্রেড’ পরিচালনা করেছেন গুয়ান হু। সিনেমাটি পুরোপুরি আইম্যাক্স ক্যামেরায় ধারণকৃত, যা চীনে প্রথম।

এই ছবির গল্পের প্রেক্ষাপটে রয়েছে ১৯৩৭ সালের সাংহাই। যেখানে তুলে ধরা হয়েছে জাপানি সৈন্যদের সঙ্গে লড়াইয়ে আত্মত্যাগকারী একদল চীনা সৈন্যের কাহিনি। এই অপারেশনের প্রশংসা করে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং বলেছিলেন, “জাতীয় বিপ্লবের ধ্রুপদি উদাহরণ”।  

সিনেমাটি সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের কথা ছিল। পাশাপাশি বাণিজ্যিকভাবে ৫ জুলাই মুক্তির তারিখ ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়। তবে সেন্সর ছাড়পত্র লাভ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবে ঠাঁই ফেলেও অজানা রাজনৈতিক কারণে এর আগে অনেক দিন আটকে ছিল ‘দ্য এইট হান্ড্রেড’।

শোনা যায়, এর পেছনে রয়েছে কমিউনিস্ট পার্টির একদল বিশেষজ্ঞের অভিমত। তারা সিনেমাটির বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ করে। তাদের মতে, ১৯৩০ এর দশকে ক্ষমতায় থাকা কুয়োমিনতাং পার্টি নিয়ে ভুল চিত্র তুলে ধরা হয়েছে এ সিনেমায়। ১৯৪৯ সালের গৃহযুদ্ধের সময় দলটি কমিউনিস্টদের কাছে ক্ষমতা হারায়। কিন্তু তার আগের কাহিনি বর্ণনায় ‘দ্য এইট হান্ড্রেড’ ভুল তথ্য দিচ্ছে। যদিও দলীয় বিশেষজ্ঞদের এই মতামতের পক্ষে যথেষ্ট যুক্তি নেই বলছেন অনেকে।

সিনেমাটি এক বছরের বেশি সময় আটকে থাকার পর ২০১৯ সালের শেষ দিকে এসে মুক্তির অনুমতি পায়। এখন ধারণা করা হচ্ছে, করোনা পরিস্থিতিতে সৃষ্ট বড়সড় লোকসানের ধাক্কা সামলাতে চীনা বক্স অফিসকে সাহায্য করবে ‘দ্য এইট হান্ড্রেড’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত