মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা একশো ছুঁয়েছে। মঙ্গলবার রাতে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হওয়ার পর এখন কমলগঞ্জ উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার রাতে শনাক্ত রোগী একশোতে উন্নীত হওয়ার তথ্যটি জানানো হয়েছে। অপরদিকে এ পর্যন্ত কমলগঞ্জে আরোগ্য লাভ করেছেন ৮২ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবশেষ করোনা শনাক্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদানকারী ৩ জন। উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক চা শ্রমিক। গত ২৮ এপ্রিল প্রথম কমলগঞ্জ উপজেলায় করোনা ‘পজিটিভ’ রোগী শনাক্ত হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া মঙ্গলবার রাতে ১০০ জন করোনা শনাক্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
