বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। রেমিটেন্স যোদ্ধা হিসেবে এই শ্রমিকরাই নীরবেই দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এগিয়ে এসেছে ‘২৪এশিয়া’।
বিশ্বের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশি তরুণ নাজমুল খান। কর্মসূত্রে সিঙ্গাপুরে বসবাস করলেও দেশের প্রতি কাজের ভীষণ আগ্রহ তার।
প্রবাসীদের সহায়তা করতে এবং বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ২০১৯ সালের জুন মাসে প্রতিষ্ঠা করেন ‘২৪এশিয়া’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম।
নাজমুল আরেক সৃজনশীল তরুণ মামুন খানকে নিয়ে তৈরি করেন এই প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম তৈরির শুরু থেকেই কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ের বন্ধুদের পাশে নেন তিনি।
তার মতে, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাবাসী ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, শিক্ষক, বাবা-মা, ভাই-বোনদের এক প্ল্যাটফর্মে কানেক্ট করে তাদের সাথে যোগাযোগ স্থাপন, তাদের অভিজ্ঞতা উপস্থাপন, আইডিয়া, কাজের ক্ষেত্র শেয়ার করলে আমাদের অন্য দেশে বসবাস করা বাংলাদেশিদের উপকারে আসবে ও তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।
এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরা, আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনে বেকার সমস্যা দূর করা, রেমিটেন্স বৃদ্ধির জন্য কার্যকর কৌশল প্রণয়নে গবেষণা পর্যায়ে কাজ করা। বিদেশে কাজের অভিজ্ঞতা যেন বাংলাদেশের শ্রমিকেরা দেশে কাজে লাগাতে পারে।
‘২৪এশিয়া’ নামে একটা ভলান্টারি প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে যা অভিবাসীরা খুব আনন্দ ও উৎসাহ নিয়ে লকডাউন অবস্থায় উপভোগ করছে।
‘২৪এশিয়া’ এ পর্যন্ত ৪৫টি অনুষ্ঠান করেছে তার মধ্যে যে বিষয়গুলোর গুরুত্ব ছিল তা হলো- ১. মাইগ্রান্ট টক শো ২. মেন্টাল হেলথ ৩. রেমিটেন্স চ্যালেঞ্জ ৪. ডা. টক শো ৫. ক্যারিয়ার আপগ্রেড ৬. কবিতা উৎসব ৭. গ্লোবাল স্টুডেন্ট টক শো ৮. মাইগ্রান্ট মিউজিক শো ৯. গ্লোবাল বিজনেস ক্রাইসিস।
