হাইকোর্টে জামিন পেলেন বেরোবির সেই শিক্ষক

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:২১ এএম

আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। ভিডিও করফারেন্সে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়–য়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, সিরাজাম মুনিরাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। 

গত ১৩ জুন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে ফেইসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট ও মন্তব্য করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরার বিরুদ্ধে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত