ফরিদপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:২৪ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বেলা ২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শোয়েব আলী মিয়ার বাড়ি উপজেলার কোরকদী ইউনিয়নের বামুন্দি বালিয়াকান্দি গ্রামে। তিনি স্ত্রী, ২ কন্যা সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পবিত্র ঈদুল আজহার দিন তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি গত ৪ আগস্ট মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই দিনই তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বেলা ২টায় মারা যান তিনি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম জানান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা মনোয়ার,  স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ নতুন করে আরও ৫জন কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৬৩ জন।

এদিকে মো. শোয়েব আলী মিয়ার গ্রামের বাড়ি উপজেলার বামুন্দি বালিয়াকান্দিতে বৃহস্পতিবার বাদ মাগরিব নামাজে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে করোনা উপসর্গ নিয়ে মধুখালী পৌরসভার বাসিন্দা চাল ব্যবসায়ী পরান সিকদার (৬৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো. আনিসুর রহমান লিটন নিশ্চিত করেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৫২ জন। এ ছাড়া জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত