ম্যানসিটি’র বিপক্ষে নেই রিয়ালের বেল-রদ্রিগেস

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:৩৫ পিএম

দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফুটবল। প্রতিযোগিতাটির শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলটির খেলোয়াড়দের তালিকায় নেই তারকা উইঙ্গার গ্যারেথ বেল ও মিডফিল্ডার হামেস রদ্রিগেস।

ম্যানসিটি’র ইতিহাদ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে দল দুটির লড়াই। করোনা মহামারির কারণে খেলাধুলা বন্ধ হওয়ার আগে প্রথম লেগে রিয়ালের মাঠে ২-১ গোলের জয় নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়ালকে পরের রাউন্ডে যেতে হলে সিটির মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। ম্যাচটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে রিয়াল।

তাতে বেলের পাশাপাশি নেই তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেসও। এর মধ্যে বেল নিজেই নাকি সিটির বিপক্ষে খেলতে চাচ্ছেন না বলে জানালেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

“কোচ ও খেলোয়াড়দের মধ্যে আমাদের একটি সম্মানের সম্পর্ক রয়েছে। বিষয়টা পরিষ্কার। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনা হয়। বেলের ক্ষেত্রে আমি বলতে পারি, এই ম্যাচে সে খেলাটা পছন্দ করছে।”

বেলের না খেলার সিদ্ধান্তটা ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন জিদান। ওয়েলস তারকা কোনো হতাশায় ভুগছেন কি-না, এমন প্রশ্নের জবাবে রিয়াল কোচ বলেন- “আমি বেলকে অনেক সম্মান করি।”

“খেলোয়াড়দের ও কোচের মধ্যকার বিষয়গুলো ড্রেসিং রুমেই থাকা উচিত। গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং এটাকে সম্মান করি। সে খেলাটা পছন্দ করছি। আমি আপনাকে কেবল সেটাই বলতে পারি।”

এদিকে, একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে ইএসপিএন জানতে পেরেছে বেল ম্যানচেস্টারে সফরে আসতে চাচ্ছে না। কেননা সে জানে সেখানে গেলেও তাকে খেলার সুযোগ নাও দেওয়া হতে পারে।

লা লিগার সদ্য সমাপ্ত মৌসুমে রিয়াল শিরোপা জিতলেও কম বেশি খেলতে দেখা যায়নি বেলকে। পুরো মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১১টি ম্যাচ। লিগের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও নামানো হয়নি বেলকে। বিষয়টাকে ‘কৌশলপূর্ণ সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেন জিদান।

একাধিক সূত্রের খবর, আসছে দল-বদলে বেলকে ছেড়ে বিক্রি করতে দিতে চায় রিয়াল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ৩১ বছর বয়সী এই ফুটবলারকে কেনার মতো ক্লাব পাওয়াটা কঠিন হবে।

রিয়ালের কলম্বিয়ান তারকা রদ্রিগেসও আসছে দল-বদলে রিয়াল ছাড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাবটিতে অনেক দিন ধরে অচ্ছুত হয়ে আছেন কলম্বিয়ান এই ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত