সরফরাজকে জুতা-পানি টানতে দেখে খেপেছেন শোয়েব

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০২:১৫ এএম

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের। ম্যাচের দ্বিতীয় দিনে সরফরাজকে দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে পানি ও সতীর্থ খেলোয়াড়ের জন্য জুতা বয়ে নিয়ে যেতে দেখা যায়। ইনিংসের ৭১তম ওভারে সরফরাজকে দিয়ে শান মাসুদের জুতা বওয়ানোর ছবি মোটেও পছন্দ হয়নি দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের। 

পাকিস্তান টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না শোয়েব। তার মতে, এটা সরফরাজের জন্য অত্যন্ত অপমানজনক বিষয়।

শোয়েব বলেন, ‘ছবিটা আমার একেবারেই পছন্দ হয়নি। এমন একজন প্লেয়ারের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত নয়, যে কিনা চার বছর দেশকে নেতৃত্ব দিয়েছে এবং দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তোমরা তাকে দিয়ে জুতো বওয়াচ্ছ! যদি ও নিজে থেকেও এটা করে থাকে, তবে সরফরাজকে আটকানো উচিত ছিল। ওয়াসিম আকরাম কখনই আমার জন্য জুতো নিয়ে আসেনি।’

এ ক্ষেত্রে সরফরাজের নরম স্বভাবেরও দায় দেখছেন শোয়েব। বলেন, ‘এতেই বোঝা যায় সরফরাজ কতটা দুর্বল। সেকারণেই কোচ মিকি আর্থার ওর উপর ছড়ি ঘুরিয়েছে। মাঠে জুতো বয়ে নিয়ে যাওয়ার মধ্যে খারাপ কিছু নেই। তবে একজন সাবেক অধিনায়ককে দিয়ে সেটা করানো কখনই উচিত নয়।’

দেশটির আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলছেন, ‘আমির, ওয়াহাবের মতো সিনিয়র খেলোয়াড়েরা একাদশের বাইরে থাকলে খেলার পোশাকও পরত না। ওরা ট্র্যাকস্যুট পরত। এটা কোনো টিম স্পিরিট হতে পারে না। কিন্তু এটা সরফরাজের উদারতা। কারণ ও খেলাটাকে খুব ভালোবাসে। এটা হওয়া উচিত নয়।’

এদিকে সরফরাজের মাঠে জুতো বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় নেটিজেনদেরও দ্বিধাবিভক্ত দেখাচ্ছে। একদলের মত, ক্রিকেটে এটা স্বাভাবিক ঘটনা। অতীতে ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিদেরও মাঠে পানি বইতে দেখা গেছে।

আবার অন্য দলকে সমর্থন করতে দেখা যাচ্ছে শোয়েব-লতিফদের মতকে। সরফরাজের সঙ্গে এটা অত্যন্ত অপমানজনক ব্যবহার বলেই মনে করছেন তারা।

এদিকে পাকিস্তানের বর্তমান প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক এ বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করছেন। তিনি বলেন, ‘এসব নিয়ে শুধু পাকিস্তানেই আলোচনা হয়। আমিও দ্বাদশ খেলোয়াড় ছিলাম। অধিনায়ক থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচে মাঠের বাইরে ছিলাম। এসব কাজে লজ্জার কিছু নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত