ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) বর্ধিত ব্যয়ের সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে পরিকল্পনা কমিশন। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন কমিশনের সদস্য সচিব মো. জাকির হোসেন আকন্দ।
জানা যায়, ডিএনডির জলাবদ্ধতা নিরসনে সরকার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে এক প্রকল্প হাতে নেয়, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে বর্তমানে এর সম্ভাব্য ব্যয় বেড়ে ১ হাজার ৩০০ কোটি টাকা হয়েছে।
প্রকল্পের এক কর্মকর্তা জানান, রাজধানীর হাতিরঝিলের আদলে নির্মিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরার (ডিএনডি) পানি নিষ্কাশন প্রকল্পের উন্নয়নকাজর অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে আরও ৭০০ কোটি টাকা প্রয়োজন। পানিসম্পদ মন্ত্রণালয় এরই মধ্যে যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ের প্রকল্প সংশোধন করে অর্থ বরাদ্দ চেয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঠানো হয়েছে, যা দ্রুতই অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।
