পাকিস্তানের বিপক্ষে বাকি দুই টেস্টে থাকছেন না স্টোকস

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৮:১৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের বাকি দুই টেস্টে খেলা হচ্ছে না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। পারিবারিক কারণে থাকছেন না তিনি। রবিবার এক বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এ সপ্তাহের শেষেই যুক্তরাষ্ট্র থেকে জন্মভূমি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন স্টোকস। গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেন স্টোকসের বাবা। তখন ইংল্যান্ড দলের দক্ষিণ আফ্রিকা সফর চলছিল। এরপর থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাসাতেই আছেন স্টোকসের বাবা।

করোনা বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ওয়েস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে জো রুটের অনুপস্থিতিতে ইংলিশদের নেতৃত্ব দেন স্টোকস। তিন ম্যাচের সিরিজ জয়েও রাখেন বড় ভূমিকা।

পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে প্রথম টেস্টটা ব্যাট হাতে ভালো যায়নি স্টোকসের। দুই ইনিংসে তার রান- ০ ও ৯। দ্বিতীয় ইনিংসে অবশ্য বল হাতে ভূমিকা রাখেন। ৪ ওভার বল করে ১১ রান খরচায় তুলে নেন ২ উইকেট। প্রথম ইনিংসে তিনি বল করেননি।

১৩ আগস্ট সাউদাম্পটনের অ্যাজেস বোলে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত