গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভিশন ২০৪১ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নগরীর উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে। মশক নিয়ন্ত্রণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও রাস্তাঘাট আধুনিকীকরণের যে প্রতিশ্রুতি আমি দিয়েছি তা পূরণে কাজ করে যাচ্ছি।
রবিবার সকালে নগরভবন মিলনায়তনে সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ হাজার ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা।
জাহাঙ্গীর আলম বলেন, মহানগরীর সার্বিক উন্নয়নের বিষয়টি বিবেচনা করে বাস্তবমুখী প্রস্তাবিত এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে নগরীর রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি। তহবিলের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে রাস্তাঘাট নির্মাণ এবং মেরামতের জন্য সরকারি থোক বরাদ্দ ও রাজস্ব তহবিল থেকে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ে ৫ কোটি টাকা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে ৫০ কোটি টাকা, গুণীজনদের সম্মাননা বাবদ ৫ কোটি টাকা এবং সাংবাদিকদের পেশাগত উন্নতি ও সার্বিক মঙ্গলার্থে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণার আগে সকালে মেয়র সিটি করপোরেশনের সব কাউন্সিলরকে নিয়ে এক সভায় মিলিত হন। ওই সভায় ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করা হয়। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল সভা সঞ্চালনা করেন।
